রাজশাহীর মোহনপুরে শ্বশুরবাড়ি যাওয়া নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে ছেলের বঁটির কোপে মোসা. জান্নাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে আমিনুল ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ধস্তাধস্তিতে আহত হন জান্নাতুনের স্বামী মুজিব সরদার। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আমিনুল ইসলাম অসুস্থ এবং মানসিক ভারসাম্যহীন। তিনি শ্বশুরবাড়ি যাওয়ার কথা জানালে তার বাবা মুজিব সরদার তাকে যেতে নিষেধ করেন। এ নিয়ে বাবা-মায়ের সঙ্গে আমিনুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।
পুলিশ জানায়, ধস্তাধস্তির সময় আমিনুল বঁটি দিয়ে তার মা জান্নাতুনকে কোপান। ছেলেকে থামাতে গিয়ে তার বাবা মুজিব সরদারও ধারালো বঁটির আঘাতে আহত হন।
পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই জান্নাতুনের মৃত্যু হয়। আহত মুজিব সরদারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আমিনুল ইসলামকে আটক করে পুলিশ। পরে তাকে মোহনপুর থানায় নেওয়া হয়।
রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন বলেন, শ্বশুরবাড়ি যাওয়াকে কেন্দ্র করে বাবা-মায়ের সঙ্গে আমিনুলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বঁটির আঘাতে জান্নাতুন আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আমিনুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হবে।



