গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) হামবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত তিন শিশু ঢাকা, হবিগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা।
চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৪ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৮৩ জনের মৃত্যু হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২০১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে চলতি বছরে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৬৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন মোট ২১ হাজার ১৫ জন।



