চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহরপুর নরোশিয়া গ্রামে একটি বসতবাড়িতে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিকট শব্দে ধারাবাহিক বিস্ফোরণ ঘটে। এতে বাড়িটির টিনের চালা উড়ে যাওয়ার পাশাপাশি দেয়ালসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ শুরু হলে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়দের দাবি, ওই বাড়িতে বিপুলসংখ্যক ককটেল মজুদ ছিল। তাদের কেউ কেউ কমপক্ষে ৫০টি ককটেল বিস্ফোরণের কথা জানিয়েছেন। তবে বিস্ফোরিত ককটেলের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জহরপুর নরোশিয়া গ্রামের ইউনূসের ছেলে ইয়াহিয়ার বাড়িতে ককটেলগুলো রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তবে কারা, কী উদ্দেশ্যে এবং কীভাবে এসব বিস্ফোরক সেখানে মজুদ করেছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
বিস্ফোরণের পর পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ককটেলের নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। বিস্ফোরণের ঘটনায় কোনো আগুন লাগার খবরও পাওয়া যায়নি।
এদিকে স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে এসব ককটেল মজুদ করা হয়ে থাকতে পারে। তবে এ দাবির সত্যতা এখনো নিশ্চিত হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ককটেলগুলো কীভাবে সেখানে এলো এবং কারা এর সঙ্গে জড়িত, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান জানান, বিস্ফোরণের পর বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে সেখানে বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
তিনি জানান, জহুরপুর ক্যাম্প থেকে প্রায় তিন কিলোমিটার দূরে নরোশিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঘটনার পর বিস্ফোরণের উৎস, ককটেল মজুদের কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।



