বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে ‘এ ককটেল রিসেপশন টু হাইলাইট ইউকে ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ ট্যুরিজম সেক্টর’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ। সুন্দরবন, কক্সবাজারের সমুদ্রসৈকত, চট্টগ্রামের পাহাড় ও হ্রদ এবং সিলেটের চা-বাগানসহ দেশের বিভিন্ন অঞ্চলে পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, দেশের পর্যটন সম্ভাবনাকে সুপরিকল্পিত, টেকসই ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক পর্যটন ও আতিথেয়তা শিল্পে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, পর্যটন খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই আকর্ষণ এবং বিনিয়োগের পরিবেশ সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। অর্থনৈতিক বহুমুখীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির অংশ হিসেবে দেশি-বিদেশি বিনিয়োগের সুযোগ আরও বাড়ানো হচ্ছে।
যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশে পর্যটন ও আতিথেয়তা খাতে বিনিয়োগের জন্য তাদের স্বাগত জানানো হচ্ছে। বিনিয়োগের জন্য অনুকূল, নিরাপদ ও সম্ভাবনাময় পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, স্পেন ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা ছাড়াও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



