শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের অংশ হিসেবে ‘গুপ্ত ও নিষিদ্ধরা’ নানা অপতৎপরতায় লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তার দাবি, দেশের জনগণ শেখ হাসিনাকে আর মেনে নেবে না।
বিএনপির রাজনৈতিক সংগ্রামের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তাই হুমকি, ষড়যন্ত্র কিংবা ভয়ভীতি দেখিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা এবং শান্তি-শৃঙ্খলা সমুন্নত রাখতে সরকার কাজ করছে। এ অগ্রযাত্রা ব্যাহত করতে সন্ত্রাস, নৈরাজ্য কিংবা ষড়যন্ত্র বরদাশত করা হবে না।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার প্রসঙ্গে মীর শাহে আলম দাবি করেন, হামলার ঘটনা নিজেরাই ঘটিয়ে বিএনপির ওপর দায় চাপানো হয়েছে। এ ঘটনায় জামায়াতের একজন সংসদ সদস্যের জামাই গ্রেপ্তার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, এসব ঘটনা থেকে ষড়যন্ত্রের বিষয়টি স্পষ্ট হয়।
এর আগে শিবগঞ্জ উপজেলা চত্বর থেকে আয়োজিত মশাল মিছিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
সমাবেশে বক্তারা ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।



