পরীক্ষামূলক সংস্করণ

সায়মন হত্যা: ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পোশাক কর্মী সায়মনকে ছিনতাইয়ের পর হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ইউসুফ, ইকবাল খাঁ ও মেহেদী হাসান।

এ মামলায় ছিনতাই করা মোবাইল ফোন কেনার দায়ে সুজন নামে আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন।

রায় ঘোষণার আগে মামলার বিষয়বস্তু তুলে ধরে বিচারক বলেন, বর্তমানে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে এবং ছিনতাইয়ের পর হামলার ঘটনাও ঘটছে। সমাজের প্রতি বার্তা দেওয়ার জন্য মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে পর্যবেক্ষণে উল্লেখ করেন তিনি।

রায় ঘোষণার পর আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। তাদের অভিযোগ, পুলিশ মারধর করে জোর করে স্বীকারোক্তি আদায় করেছে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ রায়ে সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রেজাউল হক রায়ে অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০ বছর বয়সী সায়মন মিরপুর-১ নম্বরে লিবার্টি গার্মেন্টসে পোশাক কর্মী হিসেবে কাজ করতেন। ২০২২ সালের ১১ অক্টোবর অফিস থেকে বেতন নেওয়ার পর দুই সহকর্মী রিফাত হোসেন রাব্বি ও হৃদয় হাসানের সঙ্গে কেনাকাটা করতে মিরপুর-১ এলাকায় যান তিনি।

কেনাকাটা শেষে রাত ৯টার দিকে বাসায় ফেরার সময় আড়ং শপিং সেন্টারের সামনে এক ব্যক্তি সায়মনকে তার ছোট ভাইকে মারধরের অভিযোগ তুলে ভয় দেখান। পরে ‘কথা আছে’ বলে সায়মন ও রিফাতকে রিকশায় করে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের কাঁচাবাজারের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে রিফাতকে নামিয়ে দিয়ে সায়মনকে স্মৃতিসৌধের ভেতরে নিয়ে যায় তিনজন।

সেখানে চাকু দেখিয়ে সায়মনের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন দিতে বলা হয়। তিনি দিতে অস্বীকৃতি জানালে তাকে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। পরে সায়মনের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সায়মনের বাবা শাজাহান শেখ দারুস সালাম থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। তদন্তে পুলিশ ইউসুফকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইকবাল ও মেহেদী হাসানের সংশ্লিষ্টতার কথা জানা যায়। সায়মনের মোবাইল বিক্রির টাকাও ইউসুফের বাসা থেকে উদ্ধার করা হয়।

তদন্ত শেষে ২০২৩ সালের ৩১ জানুয়ারি ইউসুফ, ইকবাল ও মেহেদী হাসানের বিরুদ্ধে ছিনতাইয়ের পর হত্যার অভিযোগে এবং সুজনের বিরুদ্ধে চোরাই মাল রাখার অভিযোগে আদালতে চার্জশিট দেওয়া হয়।

২০২৩ সালের ২ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন। পরে মঙ্গলবার তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং সুজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হলো।

প্রধান খবর

ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ফ্যাসিবাদ ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে।

শেখ হাসিনার রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান এনসিপির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আহ্বান জানিয়েছে এনসিপি। সংলাপ শেষে এ কথা জানান নাহিদ ইসলাম।

ঢাকার বস্তি উন্নয়নেও বিশ্বব্যাংকের সহযোগিতায় মডেল প্রকল্পের উদ্যোগ

উপকূলীয় অঞ্চলের জীবনমান ও জলবায়ু সহনশীলতা বাড়াতে বিশ্বব্যাংকের ২০০ মিলিয়ন ডলার সহায়তার কথা জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। ঢাকার বস্তি উন্নয়নেও মডেল প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে।

আসছে...