দেশের ২২ জেলায় সরকারি উদ্যোগে সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ‘শিশু স্বর্গ’ গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশে সেরিব্রাল পালসিতে আক্রান্ত প্রায় সাড়ে তিন লাখ শিশুর সমন্বিত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে দেশের ২২ জেলায় ‘শিশু স্বর্গ’ প্রতিষ্ঠা করা হচ্ছে। এর অংশ হিসেবে কড়াইল বস্তিতে সরকারি উদ্যোগে একটি পাইলট প্রকল্পও শুরু হয়েছে। সেখানে শনাক্ত হওয়া প্রায় ৩০০ শিশুকে সেবা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, প্রতিবন্ধী শিশুদের জন্য একটি সার্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে স্বাস্থ্যসংশ্লিষ্ট সবার ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন তিনি।
এম এ মুহিত আরও বলেন, প্রত্যন্ত অঞ্চলের শিশুদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘কমিউনিটি বেসড আর্লি কেস ডিটেকশন’ বা প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্তকরণ ব্যবস্থা গড়ে তোলা জরুরি।
অনুষ্ঠানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পরিশ্রমের প্রশংসা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও তারা প্রতিদিন বিপুলসংখ্যক রোগীকে সেবা দিয়ে যাচ্ছেন।
এর আগে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। এতে চিকিৎসক, নার্সসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
প্রতিবছর ৬ অক্টোবর বিশ্ব সেরিব্রাল পালসি দিবস পালিত হয়। সেরিব্রাল পালসিতে আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের অধিকার, চিকিৎসা, পুনর্বাসন, শিক্ষা এবং সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে সচেতনতা তৈরিতে দিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



