পরীক্ষামূলক সংস্করণ

ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

জমি নিয়ে পূর্ববিরোধের জেরে ময়মনসিংহের নান্দাইলে কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—মোজাম্মেল হক স্বপন, আপন মিয়া ও রিপন মিয়া।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া ও আসাদুল। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

ময়মনসিংহ আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান জানান, মামলার ১৩ আসামির মধ্যে ১১ জনের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়েছে। পলাতক দুই আসামির মধ্যে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং অপরজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।

মামলার বিবরণে জানা যায়, নান্দাইল উপজেলার চর ভেলামারী এলাকার কৃষক শফিকুল ইসলাম সবির সঙ্গে আসামিদের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাট এলাকার একটি কাপড়ের দোকানে বসে থাকা অবস্থায় সবির ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। পরে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে নান্দাইল থানায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

মামলার তদন্ত শেষে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা ও আইনজীবীদের যুক্তিতর্ক শুনে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করেন এবং এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিপন মিয়া ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসাদুল বর্তমানে পলাতক রয়েছেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আনোয়ার আজিজ টুটুল। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এ.কে.এম. আমানউল্লাহ বাদল।

প্রধান খবর

শাপলা চত্বর মামলা: হাসিনাসহ ৪১ আসামির শুনানি ১ নভেম্বর

শাপলা চত্বরের হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ১ নভেম্বর শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

আসছে...