পরীক্ষামূলক সংস্করণ

শ্রীপুরে বিকাশ এজেন্টের গাড়িতে গুলি, তিন কোটির বেশি টাকা ছিনতাইয়ের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানের টাকা বহনকারী একটি প্রাইভেট কারে গুলি চালিয়ে তিন কোটি টাকার বেশি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনায় প্রতিষ্ঠানটির হিসাব ব্যবস্থাপক গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া গাড়িচালককে মারধর এবং অপর এক কর্মকর্তাকে চাপাতি দিয়ে কোপানোর অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হিসাব ব্যবস্থাপকের নাম মো. হিমেল (২৯)। তিনি শ্রীপুরের বেড়াইদের চালা গ্রামের জসিম উদ্দিনের ছেলে। হিমেল শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবস্থিত ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ শ্রীপুর লিমিটেড’ নামের বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানে হিসাব ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। আহত অপর কর্মকর্তার নাম মো. ফাহাদ। তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও গাড়িতে থাকা ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, প্রায় ১০টি মোটরসাইকেলে করে এসে একদল ব্যক্তি তাঁদের বহনকারী প্রাইভেট কারটির গতিরোধ করে। পরে চাপাতি দিয়ে গাড়ির কাচ ভেঙে গুলি চালায় তারা। একপর্যায়ে গাড়ির পেছনে রাখা তিন বস্তা টাকার মধ্যে দুটি বস্তা নিয়ে পালিয়ে যায়। পুরো ঘটনা এক থেকে দুই মিনিটের মধ্যে ঘটে বলে দাবি করেছেন গাড়িতে থাকা ব্যক্তিরা। ছিনতাই হওয়া দুই বস্তায় তিন কোটি টাকার বেশি ছিল বলে তাঁদের দাবি।

ঘটনার সময় গাড়িতে থাকা প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশন অফিসের সুপারভাইজার মো. রিফাত জানান, শুক্রবার বেলা দেড়টার দিকে তাঁরা নরসিংদীর একটি ডিস্ট্রিবিউশন অফিস থেকে নগদ টাকা আনতে প্রাইভেট কার নিয়ে সেখানে পৌঁছান। জুমার নামাজের পর টাকা সংগ্রহ করে বিকেল সাড়ে ৪টার দিকে মাওনা চৌরাস্তার উদ্দেশে রওনা হন তাঁরা।

রিফাতের ভাষ্য, তাঁদের বহনকারী গাড়িটি কর্ণপুর এলাকায় পৌঁছালে প্রায় ১০টি মোটরসাইকেলে করে আসা একদল ব্যক্তি গাড়িটির গতিরোধ করে। একপর্যায়ে তাঁরা গাড়িটি থামাতে বাধ্য হন। এরপর ছিনতাইকারীরা চাপাতি দিয়ে গাড়ির কাচ ভেঙে হিমেলকে গুলি করে। এতে তাঁর পেটে গুলি লাগে। এ সময় গাড়িচালককে মারধর করা হয় এবং গাড়িতে থাকা ফাহাদকে চাপাতি দিয়ে কোপানো হয়। পরে গাড়ির পেছনে রাখা তিন বস্তা টাকার মধ্যে দুটি বস্তা নিয়ে পালিয়ে যায় তারা।

রিফাত আরও জানান, মারধরে গাড়িচালক আহত হলে ফাহাদ গাড়ি চালিয়ে গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক সরকার বলেন, গুলিবিদ্ধ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, গুলি করে টাকা ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রধান খবর

সাংবাদিকদের চাকরির নিরাপত্তা ও ন্যায্য বেতন নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়তে এসব অধিকারকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের কল্যাণে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে ব্যয়ের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাজেট বরাদ্দের কথাও জানান তিনি।

পেশাজীবীদের রাজনীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

পেশাজীবীদের রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। রোববার বঙ্গভবনে হেপাটোলজি সোসাইটি ঢাকা বাংলাদেশের সাত সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

আসছে...