পরীক্ষামূলক সংস্করণ

তিন বছর ধরে ভাঙা সেতু, বিচ্ছিন্ন খাগড়াছড়ির পাঁচ গ্রামের ১,৫০০ মানুষ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম বিষ্ণু কার্বারি পাড়ায় প্রায় তিন বছর ধরে ভাঙা পড়ে আছে যোগাযোগের একমাত্র ভরসা বেইলি সেতুটি। দীর্ঘদিনেও সেতুটি পুনর্নির্মাণ না হওয়ায় ছড়ার ওপারে থাকা অন্তত পাঁচ গ্রামের প্রায় ৩০০ পরিবারের ১ হাজার ৫০০ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে ছড়ার পানি বেড়ে গেলে কয়েক দিনের জন্য কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো এলাকা। এতে ব্যাহত হচ্ছে মানুষের দৈনন্দিন চলাচল, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি চিকিৎসাসেবা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিষ্ণু কার্বারি পাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের উৎপাদিত ফসল ও শাকসবজি বাজারজাত করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার প্রধান কেন্দ্র দীঘিনালা উপজেলা সদর। কিন্তু বেইলি সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে সরাসরি যাতায়াত বন্ধ রয়েছে। বর্তমানে ছড়ার পানির উচ্চতা কম থাকলে হাঁটুপানির সঙ্গে কাদামাটি পেরিয়ে ঝুঁকি নিয়ে বাজারে যেতে হচ্ছে স্থানীয়দের। বর্ষায় পানির প্রবাহ বেড়ে গেলে সেই পথও বন্ধ হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা লিটন ত্রিপুরা বলেন, গত তিন বছর ধরে তাঁরা এই দুর্ভোগের মধ্যে রয়েছেন। বাজারে যেতে হলে ছড়ার পানি পার হতে হয়। বর্ষার সময় পানি বেড়ে গেলে দুই থেকে তিন দিন পর্যন্ত কোথাও যাওয়া সম্ভব হয় না। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানান তিনি।

আরেক বাসিন্দা মৃত্যুঞ্জয় ত্রিপুরা বলেন, বৃষ্টি হলে ছড়ার পানি বিপজ্জনকভাবে বেড়ে যায়। তখন শিশু, নারী ও বয়স্কদের নিয়ে পারাপার করা সম্ভব হয় না। এমনকি প্রয়োজনীয় খাবার ও ওষুধ সংগ্রহ করতেও সমস্যায় পড়তে হয়। তাঁর ভাষায়, বিচ্ছিন্ন দ্বীপে বসবাস করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

যোগাযোগব্যবস্থার এই দুরবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষকেরা। কৃষক গণেশ ত্রিপুরা বলেন, এলাকার অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। তাঁদের উৎপাদিত শাকসবজি ও অন্যান্য কৃষিপণ্য দীঘিনালা বাজারে নিয়ে বিক্রি করতে হয়। কিন্তু স্বাভাবিক যাতায়াতের ব্যবস্থা না থাকায় অনেক সময় পণ্য সময়মতো বাজারে নেওয়া সম্ভব হয় না। এতে কৃষকেরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

এলাকাটিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ও রয়েছে। বর্ষাকালে ছড়ার পানি বেড়ে গেলে বিদ্যালয়ে যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থী ও শিক্ষকদের। বিষ্ণু কার্বারি পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বৈশা ত্রিপুরা বলেন, সামান্য বৃষ্টিতেই ছড়ার পানি বেড়ে গেলে শিক্ষার্থী ও শিক্ষকদের বিদ্যালয়ে আসা বন্ধ হয়ে যায়। এ সময় তাঁদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়। দীর্ঘদিন ধরে চলা এ সমস্যা সমাধানে সেখানে একটি স্থায়ী সেতু নির্মাণ জরুরি বলে মনে করেন তিনি।

স্থানীয়দের সবচেয়ে বড় উদ্বেগ জরুরি চিকিৎসাসেবা নিয়ে। দুর্গম এই এলাকায় কোনো মুমূর্ষু রোগী বা প্রসূতি নারীকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া কঠিন হয়ে পড়ে। ছড়ার পানি বেড়ে গেলে রোগী নিয়ে পারাপার প্রায় অসম্ভব হয়ে যায়। এতে জরুরি মুহূর্তে চিকিৎসা পেতে বিলম্ব হওয়ার পাশাপাশি জীবনহানির আশঙ্কাও তৈরি হয়।

স্থানীয়দের তথ্যমতে, বিষ্ণু কার্বারি পাড়ার ছড়ার ওপারে থাকা অন্তত পাঁচটি গ্রামের প্রায় ৩০০ পরিবারের ১ হাজার ৫০০ মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম এই সড়ক। সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে তাঁদের দৈনন্দিন জীবনযাত্রা অনেকটাই স্থবির হয়ে পড়েছে। এ অবস্থায় পুরোনো সেতুর স্থানে দ্রুত একটি টেকসই ও স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে খাগড়াছড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার রহমান বলেন, দীঘিনালার বিষ্ণু কার্বারি পাড়ার সেতুটি পুরোনো ছিল। তিনি সরেজমিনে সেতুটি পরিদর্শন করেছেন এবং বিষয়টি অধিদপ্তরের ঢাকার সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত অনুমোদন পাওয়া যাবে। অনুমোদন পেলে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরু করা হবে। দুর্গম এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা স্বাভাবিক রাখতে বিষয়টি কর্তৃপক্ষের নজরে রয়েছে বলেও জানান তিনি।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে জেলার বিভিন্ন স্থানে সেতু বা কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা মোকাবিলায় সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভাগগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের কোনো সমস্যার তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া গেলে ঘটনাস্থল পরিদর্শন করে মেরামত বা পুনর্নির্মাণের ব্যবস্থা নেওয়া হয়। বিষ্ণু কার্বারি পাড়ার সেতুর বিষয়টিও তাঁরা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসানে দ্রুত সেতুটির স্থায়ী সমাধান করা হবে। তাঁদের মতে, সেতুটি পুনর্নির্মাণ করা হলে বিষ্ণু কার্বারি পাড়াসহ ছড়ার ওপারে থাকা অন্তত পাঁচ গ্রামের মানুষের যোগাযোগ, কৃষিপণ্য বাজারজাতকরণ, শিক্ষা ও চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে।

প্রধান খবর

জাতীয় যুব দিবস কাল, তরুণদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী

জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, এ পর্যন্ত ৮০ লাখের বেশি তরুণকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং প্রায় ২৫ লাখ আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন।

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা হত্যা: দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় আহমেদ শাহরিয়ার রেজা দীপের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যার কারণ উদ্ঘাটন, সহযোগীদের শনাক্ত, আলামত ও নিহতের মোটরসাইকেল উদ্ধারে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের মধ্যে বোমা সদৃশ ৩ বস্তু উদ্ধার

আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে হাতবোমা সদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে শিল্প পুলিশ। সংঘর্ষ ও উত্তেজনার ঘটনায় ২৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আহত হয়েছেন পুলিশ সদস্য, শ্রমিক ও পথচারী।

আসছে...