পরীক্ষামূলক সংস্করণ

মক্কা-মদিনার ওপর হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মক্কা ও মদিনার নিরাপত্তার ওপর হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, সৌদি আরবের পবিত্র দুই শহরের নিরাপত্তা হুমকির মুখে পড়লে বাংলাদেশ তাদের সহায়তায় এগিয়ে আসবে। তবে প্রস্তাবিত মক্কা প্যাক্টে বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে যোগ দেয়নি এবং এ মুহূর্তে সৌদি আরবে সৈন্য পাঠানোর প্রশ্নও উঠছে না বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস–বিস) মিলনায়তনে ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে দিক নির্ণয়ের পথরেখা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মক্কা প্যাক্টে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্ত এবং সৌদি আরবের প্রয়োজনে সৈন্য পাঠানোর সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ এখনো মক্কা প্যাক্টে যোগ দেয়নি। আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলা যাবে না। তাই সেখানে সৈন্য পাঠানোর প্রশ্নও এই মুহূর্তে উঠছে না।

সৌদি আরবে চলমান পরিস্থিতিতে দেশটির সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সৌদি আরবের সরকার ও জনগণের পাশে রয়েছে এবং সেখানে চলমান সংঘাত অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌদি আরবের ক্রাউন প্রিন্সকে চিঠিও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মক্কা ও মদিনার নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ সহায়তা করবে কি না, জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, পবিত্র এই দুই শহরের সঙ্গে বিশ্বের মুসলমানদের ধর্মীয় আবেগ ও সংহতির সম্পর্ক রয়েছে। তাই শহর দুটির ওপর কোনো ধরনের হুমকি এলে বাংলাদেশ নীরব থাকবে না এবং সহায়তার হাত বাড়িয়ে দেবে।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক হামলায় হতাহতের ঘটনার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। ওই হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার খবরও জানিয়েছে বাংলাদেশি কর্তৃপক্ষ। সৌদি আরবে চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশ সরকার দেশটির সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে।

ইয়েমেনের হুতি গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিও নতুন করে আলোচনায় এসেছে।

প্রধান খবর

জাতীয় যুব দিবস কাল, তরুণদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী

জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, এ পর্যন্ত ৮০ লাখের বেশি তরুণকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং প্রায় ২৫ লাখ আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন।

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা হত্যা: দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় আহমেদ শাহরিয়ার রেজা দীপের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যার কারণ উদ্ঘাটন, সহযোগীদের শনাক্ত, আলামত ও নিহতের মোটরসাইকেল উদ্ধারে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের মধ্যে বোমা সদৃশ ৩ বস্তু উদ্ধার

আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে হাতবোমা সদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে শিল্প পুলিশ। সংঘর্ষ ও উত্তেজনার ঘটনায় ২৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আহত হয়েছেন পুলিশ সদস্য, শ্রমিক ও পথচারী।

আসছে...