ময়মনসিংহের ভালুকায় মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। এ ঘটনায় আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মাদক মামলার আসামি আব্দুল কদ্দুসকে গ্রেপ্তার করতে তাঁর গ্রামের বাড়ি সজনগাঁও গ্রামে অভিযান চালায় ভালুকা মডেল থানা-পুলিশ। তবে গ্রেপ্তারি পরোয়ানা রিকল থাকায় আসামিকে ছেড়ে ফিরে আসার সময় কদ্দুসের পরিবারের সদস্যরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) রাহিদুল ইসলাম ও কনস্টেবল বাকিরুল আহত হন।
পরে খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করেন। রাত ৯টার দিকে তাঁদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এএসআই রাহিদুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশের দুই সদস্য হামলার শিকার হয়েছেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে তাঁদের উদ্ধার করা হয়। পরে আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।



