খুলনায় তুষার (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর সদর থানার পূর্ব বানিয়াখামারের আনসার আলী গলির সামনে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, ভোরে পূর্ব বানিয়াখামার খাদেমুল উলুম মাদ্রাসার সামনে কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় দুর্বৃত্তরা অস্ত্র বের করে গুলি চালালে তুষারের পিঠে একটি গুলি লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল এবং কিছুটা দূর থেকে গুলির দুটি খোসা উদ্ধার করেছে পুলিশ।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।
পুলিশ জানায়, নিহত তুষারের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা রয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে।



