সাতক্ষীরার শ্যামনগরে চার দিন ধরে নিখোঁজ থাকার পর মনোরঞ্জন মণ্ডল (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার শৈলখালী এলাকার একটি ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তবে তাঁর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মনোরঞ্জন মণ্ডল শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের দিগম্বর মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, চার দিন আগে ধানক্ষেতে কীটনাশক প্রয়োগের জন্য বাড়ি থেকে বের হন তিনি। এরপর আর বাড়িতে ফেরেননি।
তাঁর খোঁজ না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে অনুসন্ধান করেন। তবে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
সোমবার সকালে শৈলখালীর একটি ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি মনোরঞ্জন মণ্ডলের বলে শনাক্ত করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



