ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগে মো. আহসান উল্লাহ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। রোববার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা গাউছিয়া আমরাবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আহসান উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জের কালীবাড়ী এলাকার মাগুর মাছের গাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম শাহজাহান এবং মায়ের নাম হালিমা বেগম।
পুলিশ জানায়, গত ৮ অক্টোবর রাত ১০টার পর থেকে ৯ অক্টোবর সকাল ৯টার মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জের কালীবাড়ী এলাকায় নিজ বাড়ির শয়নকক্ষে এক নারীকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। হত্যার পর মরদেহ বাড়িতে রেখে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় নিহত নারীর ভাই মো. আনোয়ার হোসেন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন। মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে আহসান উল্লাহকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে আহসান উল্লাহ প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও অন্যান্য বিষয় খতিয়ে দেখতে তদন্ত চলছে।



