পরীক্ষামূলক সংস্করণ

সুদানে ড্রোন হামলায় নিহত ২১, আহত ৪০

সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরের নিয়ালা শহরে একটি বাজারে ড্রোন হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। স্থানীয় সময় সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৮টার দিকে শহরটির উত্তরাঞ্চলের বাজারটিতে এ হামলা চালানো হয়।

মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

নিয়ালা হাসপাতালের এক চিকিৎসক এএফপিকে বলেন, গত রাতের হামলায় ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনের বেশি।

শহরের এক বাসিন্দা জানান, স্থানীয় সময় সোমবার রাত ৮টার দিকে বাজারটিতে হামলার ঘটনা ঘটে। বাজারটিতে সাধারণ মানুষের পাশাপাশি সশস্ত্র ব্যক্তিদেরও যাতায়াত ছিল। বিশেষ করে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সদস্যরা সেখানে আসতেন।

নিয়ালা শহর নিয়ন্ত্রণ করছে আরএসএফ

নিয়ালা বর্তমানে আরএসএফের কার্যত নিয়ন্ত্রণকেন্দ্র হিসেবে পরিচিত। বাহিনীটি সেখানে নিজস্ব প্রশাসন প্রতিষ্ঠা করেছে। এর মাধ্যমে খার্তুমভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও সুদানের সামরিক বাহিনীর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছে তারা।

২০২৩ সাল থেকে গৃহযুদ্ধে সুদান

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত চলছে। দীর্ঘ এই যুদ্ধে দেশটিতে ব্যাপক প্রাণহানি ঘটেছে। একই সঙ্গে সৃষ্টি হয়েছে বিশ্বের অন্যতম ভয়াবহ ক্ষুধা ও বাস্তুচ্যুতির সংকট।

আরএসএফের নিয়ন্ত্রণে থাকা নিয়ালা শহরে সুদানের সেনাবাহিনী নিয়মিত হামলা চালিয়ে আসছে। তবে সর্বশেষ ড্রোন হামলাটি কারা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রধান খবর

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকে বাংলাদেশের জ্বালানি, রেলপথ, অবকাঠামো ও গভীর সমুদ্রবন্দর উন্নয়নে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখতে জাপানি বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সাগর-রুনি হত্যা: অগ্রগতি প্রতিবেদন দিয়ে ফের সময় চাইল টাস্কফোর্স

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করে ফের সময় চেয়েছে উচ্চপর্যায়ের টাস্কফোর্স। ২০১২ সালের এই হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব থেকে র‍্যাবকে সরিয়ে ২০২৪ সালে নতুন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

গাজীপুরের কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুটের গোডাউনে আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের আরও কয়েকটি গোডাউনে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

আসছে...