ন্যূনতম মজুরি নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ার পোশাক শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে কারখানায় প্রবেশ করেও শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করায় অন্তত ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া শ্রম আইন অনুযায়ী ১১টি কারখানা বন্ধ রয়েছে এবং দুটি কারখানায় আগে থেকেই সাধারণ ছুটি ছিল।
শনিবার দুপুরে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া খুদে বার্তার মাধ্যমে এ তথ্য জানান। শিল্পাঞ্চল পুলিশের তথ্য অনুযায়ী, সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানায় সকালে শ্রমিকেরা স্বাভাবিকভাবে প্রবেশ করে উৎপাদন শুরু করেন। তবে কয়েকটি কারখানায় কর্মবিরতির কারণে ছুটি ঘোষণা করা হয়।
শিল্পাঞ্চল পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আশুলিয়ার নরসিংহপুর এলাকার হা-মীম ও শারমীন গ্রুপের কারখানায় শ্রমিকেরা প্রবেশের পর কর্মবিরতি শুরু করেন।
শ্রমিকদের অভিযোগ, তাঁদের অজান্তেই কাজ শুরুর নির্ধারিত সময় সকাল ৮টার পরিবর্তে সকাল ৭টায় এগিয়ে আনা হয়। এর প্রতিবাদে তাঁরা বায়োমেট্রিক পাঞ্চ করে কারখানায় প্রবেশ করলেও কাজে যোগ দেননি।
পরিস্থিতির অবনতি হলে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। একই সঙ্গে আগামী রোববার থেকে আগের নিয়মে সকাল ৮টায় কাজ শুরুর আশ্বাস দেওয়া হয়। পরে আশপাশের আরও কয়েকটি কারখানায় একই ধরনের কর্মবিরতি দেখা দিলে সেখানেও ছুটি ঘোষণা করা হয়।
এদিকে বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকার একটি সচল পোশাক কারখানার সামনে একদল শ্রমিক অবস্থান নিয়ে বিক্ষোভের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, কাঠগড়া এলাকায় কিছু বিশৃঙ্খলাকারী সচল কারখানার সামনে গিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাঁদের সরিয়ে দেয়।
তিনি আরও জানান, কয়েকটি কারখানায় উত্তেজনা দেখা দিলেও সামগ্রিকভাবে শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। অনেক কারখানায় স্বাভাবিক নিয়মে উৎপাদন চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।



