রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৫০ কেজি গাঁজাসহ মো. সাকিব আহম্মেদ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি জিপ গাড়ি ও একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, রোববার (২২ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাকিবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি জিপ গাড়ি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সাকিবের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



