কুমিল্লায় জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ মোট ৩২৫ জনকে আটক করা হয়েছে। গত ৪৮ ঘণ্টায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বিভিন্ন থানার পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ২৩০ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে, অপরাধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ৯৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কিশোর গ্যাং, মাদক কারবারি, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ ও অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ২৩০ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। অপরদিকে, প্রাথমিক তদন্তে অপরাধে সম্পৃক্ততা না পাওয়ায় ৯৫ জনকে মুচলেকা নিয়ে নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
অভিযান প্রসঙ্গে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে অযাচিত ভোগান্তিতে না পড়েন, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কঠোর তদারকি ও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং, মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



