দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আওয়ামী লীগ নেতা সলিমুল্লাহ (৫২) ও যুবলীগ নেতা হাদিউজ্জামান ওরফে বাবু (৩৯)।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার সলিমুল্লাহ উপজেলার হরিল্লাখুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। তিনি নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং গোলাপগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
অন্যদিকে, হাদিউজ্জামান ওরফে বাবু উপজেলার রঘুনাথপুর (আকন্দপাড়া) গ্রামের অহিদুল হকের ছেলে। তিনি যুবলীগের গোলাপগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট রাতে উপজেলার বিনোদনগর ইউনিয়নের পাহাড়পুর এলাকায় পাঠানগঞ্জ-ডাংশেরহাট পাকা সড়কে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমবেত হন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনার চেষ্টা এবং নাশকতার অভিযোগে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
ওই মামলার পলাতক আসামি হিসেবে সলিমুল্লাহ ও হাদিউজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।



