নীলফামারীর ডিমলা সীমান্তে ভারতে পাচারের চেষ্টাকালে ৯৫ বস্তা সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার কালীগঞ্জ বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। জব্দ করা সারের আনুমানিক মূল্য ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ বিওপির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বাংলাদেশি সার জব্দ করা হয়। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা সারের মধ্যে রয়েছে ১৫ বস্তা ইউরিয়া, ৬০ বস্তা ডিএপি ও ২০ বস্তা এমওপি সার। সব মিলিয়ে ৯৫ বস্তা সার জব্দ করা হয়।
সারের বৈধ কাগজপত্র না থাকায় উপজেলা কৃষি কর্মকর্তা সেগুলো যাচাই-বাছাই করেন। পরে সারগুলো অবৈধ বলে ঘোষণা করা হয়।
জব্দ করা সারের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।



