শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ডেনভার বডি স্প্রে, মদ ও মুঠোফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২২ ও ২৩ নভেম্বর পরিচালিত এসব অভিযানে জব্দ করা পণ্যের মোট সিজার মূল্য ৫ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা গেছে, সোমবার (২৩ নভেম্বর) শ্রীবরদী উপজেলার রাজাপাহাড় এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ডেনভার ব্র্যান্ডের বডি স্প্রে জব্দ করা হয়। এসব বডি স্প্রের সিজার মূল্য ৪ লাখ ৮৬ হাজার টাকা।
এর আগে রোববার (২২ নভেম্বর) ঝিনাইগাতী উপজেলার গারোকোনা লেবুবাগান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় ভারতীয় মদ ও মুঠোফোন জব্দ করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ৭২ হাজার ৫০০ টাকা।
ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্তের দায়িত্বে থাকা ৩৯ বিজিবি এসব অভিযানের তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদক, চোরাচালানি পণ্য পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে সীমান্ত এলাকায় নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।



