কিশোরগঞ্জের ইটনা উপজেলায় অবৈধভাবে সার মজুতের অভিযোগে অভিযান চালিয়ে ১৫৮ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। রোববার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার এলংজুরী ইউনিয়নের মর্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা করার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
উপজেলা প্রশাসন ও কৃষি অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এলংজুরী ইউনিয়নের মর্দাপাড়া এলাকার একটি ঘরে অভিযান চালানো হয়। এ সময় ৮০ বস্তা ইউরিয়া, ৭৫ বস্তা ডিএপি ও ৩ বস্তা এমওপি সার জব্দ করা হয়। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
জব্দ করা সার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপসহকারী কৃষি কর্মকর্তা ও এলংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেলের হেফাজতে রাখা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কুমার হালদার জানান, জব্দ করা সারের উৎস ও বৈধতা যাচাই করা হবে। কৃষকদের জন্য বরাদ্দ করা সার নির্ধারিত নিয়মে বিতরণের কথা। কেউ নিয়মবহির্ভাবে সার মজুত করে বা বেশি দামে বিক্রির উদ্দেশ্যে গুদামজাত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তাকে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর, উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কুমার হালদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



