ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে ২০১৮ সালের একটি ফৌজদারি মানহানির মামলায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দিল্লির সাকেত আদালত। সোমবার (২৩ নভেম্বর) বিচারিক ম্যাজিস্ট্রেট (প্রথম শ্রেণি) আনাম রইস খান এ আদেশ দেন। মামলাটি দায়ের করেছিলেন বিকাশ সংকৃত্যায়ন, যিনি বিকাশ পান্ডে নামেও পরিচিত। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৩ ডিসেম্বর।
মামলাটি ধ্রুব রাঠির ২০১৮ সালের মে মাসে প্রকাশিত ‘বিজেপি আইটি সেল পার্ট ২’ শিরোনামের একটি ভিডিওকে কেন্দ্র করে। ওই ভিডিওতে রাঠি অভিযোগ করেছিলেন, তাকে হেয় করার উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আইটি সেল বিকাশ পান্ডেকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল।
বিকাশ পান্ডের অভিযোগ, ভিডিওতে তার বিরুদ্ধে করা বক্তব্য মিথ্যা ও মানহানিকর এবং এতে তার সুনাম ক্ষুণ্ণ হয়েছে। এ অভিযোগে তিনি ধ্রুব রাঠির বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করেন। ভিডিওটি তৎকালীন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন। এ ঘটনায় পান্ডে কেজরিওয়ালের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেন।
আদালত এর আগে ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। গত ১৭ অক্টোবর আদালতে হাজিরার নোটিশ দিতে গিয়ে প্রসেস সার্ভার রাঠির ঠিকানায় গিয়ে বাড়ি তালাবদ্ধ পান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে ৩১ অক্টোবর তার বিরুদ্ধে নতুন করে জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়। দীর্ঘদিন ধরে সমন ও পরোয়ানা কার্যকর না হওয়া এবং রাঠি বিদেশে অবস্থান করায় এবার জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালতের পরবর্তী কার্যক্রম ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরোয়ানা জারির বিষয়ে আদালতের বিস্তারিত আদেশ এখনও প্রকাশিত হয়নি বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
ধ্রুব রাঠি জার্মানি বা অস্ট্রিয়ায় বসবাস করেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি তিনি ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কথিত অনিয়মের প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে ভারতে এসেছিলেন।
গত ১০ অক্টোবর গুরুগ্রামের বাসা থেকে তাকে আটক করে পুলিশ। পরদিন তিনি মুক্তি পান। এ সময় দিল্লির জনতার মঞ্চে বিক্ষোভে অংশ নিতে বাধা দেওয়ার অভিযোগও ওঠে। তবে ওই আটক ও মুক্তির ঘটনা বর্তমান মানহানির মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানার সঙ্গে পৃথক।



