মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে এইচ এম জসিম উদ্দিন চাঁদ নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার প্রতিষ্ঠান থেকে মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট জব্দ এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনের ৮৭ নম্বর ঠিকানায় অবস্থিত পল্টন টাওয়ারে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেওয়া হয়। গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যের ভিত্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বিএমইটি ও মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়, এইচ এম জসিম উদ্দিন চাঁদ ‘চাঁদ ট্রাভেলস’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করলেও এর বৈধ নিবন্ধন বা লাইসেন্স দেখাতে পারেননি।
এ ছাড়া তিনি ‘পৃথিলা ইন্টারন্যাশনাল’ নামের একটি রিক্রুটিং এজেন্সির নাম ব্যবহার করে বিদেশগামী কর্মীদের কাছ থেকে অর্থ নেওয়াসহ বিভিন্নভাবে প্রতারণা করছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযানকালে প্রতিষ্ঠানটি থেকে মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট জব্দ করা হয়। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয় এবং জসিম উদ্দিন চাঁদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিবাসন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রতারণা প্রতিরোধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে তাদের প্রতি মন্ত্রণালয়ের অবস্থান ‘জিরো টলারেন্স’।
মন্ত্রী আরও বলেন, নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। বিদেশগামী কর্মীদের সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি বা প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করে নেওয়ার পরামর্শও দেন তিনি।
মন্ত্রণালয় ও বিএমইটি জানিয়েছে, অভিবাসন খাতে প্রতারণা প্রতিরোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।



