অল ক্রাইমস.টিভি ডেস্ক
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে পৌরসদরের টানলক্ষিয়া ও হাপানিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষে পুলিশের কর্মকর্তাসহ অন্তত ২৪ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও বিরোধের রেশ থেকে যায়।
এর জেরে শনিবার দুপুরে আবারও দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে এবং কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করা হয়।
খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমানসহ চার পুলিশ সদস্য আহত হন। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে।
পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



