পরীক্ষামূলক সংস্করণ

কাদের-সাদ্দামসহ ৭ নেতার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য

অল ক্রাইমস.টিভি ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তদন্ত কর্মকর্তা আহমেদ নাসের উদ্দিন মোহাম্মদ।

রোববার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী–এর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে তার জবানবন্দি রেকর্ড করা হয়। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিত ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

২৬ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দিতে তদন্ত কর্মকর্তা মামলার তদন্তকালে জব্দ করা আলামত ও সংশ্লিষ্ট তথ্য বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি কোন তারিখে, কোন সময়ে কী কী জব্দ করা হয়েছে, তা ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। তবে তার সাক্ষ্যগ্রহণ শেষ না হওয়ায় আগামী সোমবার পর্যন্ত কার্যক্রম মুলতবি করা হয়েছে।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। এ সময় প্রসিকিউটর সহিদুল ইসলাম সরদার ও আবদুস সোবহান তরফদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মামলার সব আসামিই বর্তমানে পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম চলছে। ইতোমধ্যে প্রত্যক্ষদর্শী, শহীদ পরিবারের সদস্য এবং আহত ব্যক্তিসহ ২৫ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন।

এই মামলায় ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন লোকমান হাওলাদার ও ইশরাত জাহান।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, জুলাই-আগস্টের আন্দোলন দমনে আসামিরা সমন্বিতভাবে নির্দেশ, প্ররোচনা ও উসকানিমূলক বক্তব্য দেন। পাশাপাশি নেতাকর্মীদের মাঠে নামিয়ে সহিংসতা উসকে দেওয়া, সশস্ত্র হামলা এবং দমন-পীড়নে ভূমিকা রাখার অভিযোগও আনা হয়েছে। এসব কর্মকাণ্ডের ফলে দেশজুড়ে হত্যা, হত্যাচেষ্টা ও সহিংসতার ঘটনা ঘটে, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচ্য বলে উল্লেখ করা হয়।

চলতি বছরের ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...