পরীক্ষামূলক সংস্করণ

হাওড়াঞ্চলে বন্যার শঙ্কা, ধান কাটতে মাইকিং করে সতর্কতা

অল ক্রাইমস.টিভি ডেস্ক

নেত্রকোনার উজানে ভারতের চেরাপুঞ্জিতে টানা ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল নেমে জেলার নদ-নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে। এতে হাওড়াঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়ে অকাল বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, গত ২৪ ঘণ্টায় ধনু-বাউলাই নদীর পানি সমতলে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে হাওড়ের নিচু জমিতে পানি ঢুকে পড়ছে এবং সমতলেও জলাবদ্ধতা বাড়ছে।

এ পরিস্থিতিতে ৮০ শতাংশ পাকা ধান দ্রুত কাটার জন্য কৃষকদের সতর্ক করতে মাইকিং করা হচ্ছে বলে জানিয়েছেন নেত্রকোনা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, উজানে বৃষ্টি অব্যাহত থাকলে পানির চাপ আরও বাড়বে এবং অকাল বন্যার ঝুঁকি তৈরি হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চৈত্র মাস থেকেই অতিবৃষ্টি চলছে, যার ফলে হাওড় এলাকায় আগে থেকেই জলাবদ্ধতা ছিল। এখন উজান থেকে নেমে আসা ঢল পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সোমেশ্বরী, কংস, ধনু ও অন্যান্য নদ-নদীর পানিও বাড়ছে দ্রুত গতিতে।

এদিকে হাওড়াঞ্চলে ধান কাটার শ্রমিক সংকট এবং কম্বাইন হারভেস্টার পরিচালনায় জ্বালানি সমস্যার কারণে কৃষকরা আরও বিপাকে পড়েছেন। অনেক ক্ষেতেই জমিতে পানি থাকায় ধান কাটার কাজ ব্যাহত হচ্ছে।

কৃষকরা জানান, একসময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিক আসলেও এখন তা কমে গেছে। ফলে চড়া দামে শ্রমিক দিয়ে ধান কাটতে হচ্ছে। অনেক শ্রমিকও পানিবদ্ধ জমিতে কাজ করতে অনীহা প্রকাশ করছেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, জেলার খালিয়াজুরি, মোহনগঞ্জ, মদন ও কলমাকান্দার বিস্তীর্ণ হাওড়াঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এখানে প্রায় ১৩৪টি হাওড়ের মধ্যে শুধু খালিয়াজুরিতেই রয়েছে ৮৯টি।

হাওড় রক্ষায় এ বছর ১৩৮ কিলোমিটার অস্থায়ী ডুবন্ত বাঁধ নির্মাণ করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ৪২ হাজার হেক্টর বোরো ফসল রক্ষা করার চেষ্টা চলছে। এসব ফসলের বাজারমূল্য প্রায় ৭০০ কোটি টাকা বলে জানা গেছে।

খালিয়াজুরি উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ধান কাটার কাজ পুরোদমে শুরু হয়েছে, তবে শ্রমিক ও জ্বালানির কিছুটা সংকট রয়েছে। সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম বলেন, ধনু নদে পানি বাড়লেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। তবে ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত ধান কাটার জন্য মাইকিং অব্যাহত রয়েছে।

সব মিলিয়ে উজানের বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে নেত্রকোনার হাওড়াঞ্চলে অকাল বন্যার শঙ্কা বাড়ছে বলে আশঙ্কা করছেন কৃষক ও সংশ্লিষ্টরা।

প্রধান খবর

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...