চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পারিবারিক জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত সুমন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার শাকপুরা ইউনিয়নের ঘোষখীল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নেজাম উদ্দিন (৪৫) স্থানীয় লালারহাট এলাকায় একটি মুদির দোকান পরিচালনা করতেন।
স্থানীয়দের দাবি, জমিজমা নিয়ে নেজাম উদ্দিন ও তার ছোট ভাই মো. সুমনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সুমন মাথায় আঘাত করলে নেজাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিমুল দত্ত জানান, হাসপাতালে আনার আগেই নেজাম উদ্দিনের মৃত্যু হয়েছিল। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পরিবারের সদস্যদের দাবি, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। নিহত নেজাম উদ্দিনকে এর আগে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। নিহতের স্ত্রী বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, পারিবারিক জমি বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।



