অল ক্রাইমস.টিভি ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান সরাসরি খেয়ে পরীক্ষা করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
রোববার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা শেষে তিনি এ উদ্যোগ নেন।
সভায় হাসপাতালের সার্বিক সেবা কার্যক্রম, রোগীসেবার মানোন্নয়ন, চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা এবং চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার বিষয় নিয়ে আলোচনা হয়।
খাবার খেয়ে মান যাচাইয়ের সময় এমপি ড. মিজানুর রহমান বলেন, হাসপাতালের সেবা আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগ জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন পাল, থানার ওসি আব্দুল বারিক, সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাও. মো. শামসুজ্জামান আলকেশ, সেক্রেটারি মো. তৌহিদুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, বীর মুক্তিযোদ্ধা তৈয়মুর রহমানসহ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যরা।



