হাম-রুবেলায় আক্রান্ত হয়ে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ। বুধবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতালে গিয়ে রোগীদের শারীরিক অবস্থা, চিকিৎসার অগ্রগতি এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।
পরিদর্শনকালে জোন কমান্ডার হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে শিশু ও অন্যান্য হাম আক্রান্ত রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি রোগীদের স্বজনদের কাছ থেকে চিকিৎসা, ওষুধের প্রাপ্যতা, স্বাস্থ্যসেবার মান এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন। পাশাপাশি চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে রয়েছে। কোনো রোগীর উন্নত বা বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হলে বান্দরবান সেনা জোনের মেইন ড্রেসিং স্টেশন (এমডিএস) থেকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হবে।
তিনি আরও জানান, জরুরি পরিস্থিতিতে রোগীকে দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন হলে সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স সহায়তাও নিশ্চিত করা হবে। কোনো রোগী যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সেনাবাহিনী সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে।
জোন কমান্ডার বলেন, মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষা সেনাবাহিনীর অগ্রাধিকার। দুর্যোগ, মহামারি বা যেকোনো মানবিক সংকটে অতীতের মতো ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।
পরিদর্শন শেষে তিনি চিকিৎসাধীন রোগীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং জানান, বান্দরবান সেনা জোন ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাবে। এ সময় রোগী ও তাদের স্বজনরা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।



