অল ক্রাইমস.টিভি ডেস্ক
আগামী ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং বর্তমানে এ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষার কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
রবিবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সেতুমন্ত্রী বলেন, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ প্রকল্পটি সরকারের নির্বাচনী ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। বিদ্যমান যমুনা সেতু ৪ লেনের হওয়ায় প্রায়ই যানজট সৃষ্টি হচ্ছে, যা নিরসনে একটি বিকল্প সেতুর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যানে ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সুপারিশ রয়েছে। বর্তমানে এ সেতুর সম্ভাব্যতা সমীক্ষা চলমান রয়েছে।
সম্ভাব্য সমীক্ষায় কয়েকটি করিডোর বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—বগুড়ার সারিয়াকান্দি থেকে জামালপুরের মাদারগঞ্জ রুট, গাইবান্ধার বালাসী ঘাট থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ রুট, অথবা অন্য কোনো উপযুক্ত স্থান। সমীক্ষা শেষে চূড়ান্ত রুট নির্ধারণ করা হবে বলে জানান তিনি।



