গত সপ্তাহের সহিংস সংঘর্ষের পর কঠোর নিরাপত্তাব্যবস্থা ও দমন-পীড়নের মধ্যেও ইতালিতে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। শনিবার (২৪ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৩৭১ জনকে সাময়িকভাবে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১১০ জন অপ্রাপ্তবয়স্ক।
বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, শনিবার ইতালির বিভিন্ন শহরে বিক্ষোভ চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী রোম, তুরিন ও বোলোনিয়ায় কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। দেশটির সংবাদ সংস্থা আনসার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, তুরিনে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল ও আতশবাজি ছুড়লে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। রোমে মিছিল চলাকালে বোতল ছোড়ার ঘটনার পর জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়।
বোলোনিয়ায় বিক্ষোভকারীরা বোতল ও পটকা ছুড়লে পুলিশ তাদের পিছু হটিয়ে দেয়। এ ছাড়া মিলান ও ফ্লোরেন্সেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসব শহরের কেন্দ্রীয় এলাকার কয়েকটি অংশে বিক্ষোভকারীদের প্রবেশ ঠেকিয়ে দেয় পুলিশ।
এর আগে গত সপ্তাহান্তে বিক্ষোভ চলাকালে সংঘটিত সহিংসতার তদন্তের অংশ হিসেবে মিলান, পাশের শহর মনজা এবং আরও ২০টি শহরের দেড় শতাধিক স্থানে তল্লাশি চালানো হয়।
আনসার প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশকে হুমকি দেওয়া, তাদের ওপর হামলার পরিকল্পনা, যানবাহনের ক্ষতিসাধন এবং ভবনে আগুন দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগের তদন্তের সঙ্গে এসব তল্লাশির সম্পর্ক রয়েছে।
ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতেদোসি আনসাকে বলেন, পুলিশ ভারসাম্য ও পেশাদারত্বের সঙ্গে সহিংসতায় জড়িত গোষ্ঠীগুলোকে বিচ্ছিন্ন ও নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, ইতালিতে যারা দায়মুক্তি নিয়ে কাজ করার কথা ভাবছে, তাদের কোনো জায়গা নেই।



