অল ক্রাইমস.টিভি ডেস্ক
ইরানকে ঘিরে চলমান সংঘাত ও মূল্যস্ফীতির আশঙ্কার কারণে যুক্তরাজ্যের খুচরা বিক্রিতে বড় ধরনের ধস নেমেছে। ৪০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে খুচরা বাজার, যা উঠে এসেছে ব্রিটিশ ইন্ডাস্ট্রি কনফেডারেশন (সিবিআই)-এর সর্বশেষ জরিপে।
জরিপ অনুযায়ী, এপ্রিল মাসে খুচরা বিক্রির সূচক নেমে দাঁড়িয়েছে -৬৮-এ, যা মার্চে ছিল -৫২। ১৯৮৩ সালে সূচক চালুর পর এটিই সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। বিশ্লেষকদের মতে, এটি যুক্তরাজ্যের খুচরা খাতে গভীর মন্দার ইঙ্গিত দিচ্ছে।
আগামী মে মাসের পরিস্থিতি নিয়েও নেতিবাচক পূর্বাভাস পাওয়া গেছে। সূচক কমে -৬০-এ নেমেছে, যা ২০২১ সালের কোভিড মহামারির পর সবচেয়ে দুর্বল পূর্বাভাস হিসেবে বিবেচিত হচ্ছে।
সিবিআই-এর অর্থনীতিবিদ মার্টিন সার্টোরিয়াস বলেন, ইরান সংঘাতের অর্থনৈতিক প্রভাব এখন আরও স্পষ্ট হচ্ছে। তার মতে, ব্যবসার খরচ নিয়ন্ত্রণ ছাড়া জীবনযাত্রার ব্যয় কমানো সম্ভব নয়, তাই সরকারকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।
সংগঠনটি যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, নতুন শ্রম আইন কার্যকরের ফলে নিয়োগদাতাদের ওপর অতিরিক্ত চাপ না পড়ে তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সম্পত্তি কর হ্রাস এবং বিদ্যুৎ বিল কমানোরও পরামর্শ দেওয়া হয়েছে।
জরিপে অংশ নেওয়া খুচরা বিক্রেতারা জানিয়েছেন, ভোক্তাদের আস্থা কমে যাওয়ায় এপ্রিল মাসে কেনাকাটায় বড় ধরনের পতন দেখা দিয়েছে।
উল্লেখ্য, ২৬ মার্চ থেকে ১৪ এপ্রিলের মধ্যে ৬১টি খুচরা প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করে এই জরিপ পরিচালনা করা হয়।



