অল ক্রাইমস.টিভি ডেস্ক
যুক্তরাষ্ট্র–তেহরান উত্তেজনার আবহে বড় জ্বালানি বার্তা দিল চীন। গত পাঁচ বছরে নিজেদের ভূখণ্ডে ২২৫টি নতুন তেল ও গ্যাস ক্ষেত্র আবিষ্কারের কথা জানিয়েছে দেশটি, যা বৈশ্বিক জ্বালানি সংকট প্রশমনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে দাবি বেইজিংয়ের।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানায়, নতুন আবিষ্কৃত ক্ষেত্রগুলোর মধ্যে ১৩টি তেলক্ষেত্রে ১০০ মিলিয়ন টনের বেশি তেল মজুদ রয়েছে। পাশাপাশি ২৬টি গ্যাসক্ষেত্রে ১০০ বিলিয়ন ঘনমিটারের বেশি গ্যাসের সন্ধান পাওয়া গেছে। তবে এই বিপুল জীবাশ্ম জ্বালানির ঠিক কতটা তাৎক্ষণিকভাবে উত্তোলনযোগ্য, সে বিষয়ে স্পষ্ট তথ্য দেয়নি কর্তৃপক্ষ।
তবে মন্ত্রণালয়ের মতে, নতুন মজুদের কারণে দেশটির প্রাকৃতিক গ্যাস উৎপাদন ধারাবাহিকভাবে বাড়বে এবং তেল উৎপাদন বছরে প্রায় ২০০ মিলিয়ন টনের কাছাকাছি স্থিতিশীল থাকবে। একই সঙ্গে জ্বালানি নিরাপত্তা জোরদার ও অনুসন্ধান কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে বেইজিং।
গত এক দশকে অপরিশোধিত তেল ও গ্যাসের মজুদ বাড়াতে ৪৫০ বিলিয়ন ইউয়ানের বেশি বিনিয়োগ করেছে চীন। এমন সময়ে এই ঘোষণা এলো, যখন হরমুজ প্রণালী অচল হয়ে পড়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে।
বিশ্বের বৃহত্তম জ্বালানি আমদানিকারক হিসেবে পরিচিত চীনের চাহিদার একটি অংশ এখনো ইরান থেকে আসে। তবে দীর্ঘদিনের স্বনির্ভরতার কৌশল তাদের অন্য বড় অর্থনীতির তুলনায় তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রেখেছে।
এদিকে চলতি সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাহ্যিক চাপ মোকাবিলায় সুসংগঠিত প্রস্তুতির আহ্বান জানিয়েছেন।



