অল ক্রাইমস.টিভি ডেস্ক
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আশাবাদ ব্যক্ত করেছেন যে, চলমান হাম পরিস্থিতি আগামী মে মাসের মধ্যেই সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।
মন্ত্রী জানান, দেশের শিশুদের সুরক্ষায় সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৬১ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। বিশেষ করে যে ৩০টি উপজেলায় টিকাদান কার্যক্রম আগে শুরু হয়েছিল, সেখানে বর্তমানে কোনো নতুন হামের রোগী নেই। পরিস্থিতি বিবেচনা করে সরকার ৫ মে’র পরিবর্তে ১৪ দিন এগিয়ে গত ২০ এপ্রিল থেকেই দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু করেছে।
দীর্ঘ ছয় বছর শিশুদের হামের টিকা না দেওয়ার বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, ইউনিসেফ, গ্যাভি, বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের যৌথ সহযোগিতা না থাকলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হতো। এছাড়া আসন্ন ডেঙ্গু মৌসুম নিয়েও মন্ত্রী প্রস্তুতি তুলে ধরেন। তিনি জানান, ১ মে থেকে ইউনিভার্সিটি প্লে-গ্রাউন্ডে চিকিৎসা সেবার জন্য তাঁবু স্থাপন শুরু হবে। পাশাপাশি মশক নিধনে কার্যকর পদক্ষেপ নিতে সিটি করপোরেশনকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।



