অল ক্রাইমস.টিভি ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিশাল জয়ের পথে থাকার খবরে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ বার্তা দিয়েছেন।
পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টি আসনে সোমবার (৪ মে, ২০২৬) সকাল থেকে ভোট গণনা শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি ২০৫টি আসনে এগিয়ে থেকে এক অভাবনীয় ভূমিধস জয়ের পথে রয়েছে। অন্যদিকে, টানা ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস মাত্র ৮২টি আসনে এগিয়ে আছে, যা গত নির্বাচনের তুলনায় ১৩২টি আসন কম। গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় অনুষ্ঠিত এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল জয়ের প্রত্যাশা করলেও জনরায় বিজেপির পক্ষে গেছে। এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ শাসনের অবসান ঘটতে চলেছে এবং রাজ্যে প্রথমবারের মতো বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে।
এমন ঐতিহাসিক বিজয়ের মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে এবং ২০২৬ সালের এই নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। মোদি এই জয়কে সুশাসনের রাজনীতির জয় হিসেবে অভিহিত করেছেন এবং রাজ্যের প্রতিটি মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি আরও উল্লেখ করেন যে, পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে যে অভূতপূর্ব ম্যান্ডেট বা জনসমর্থন দিয়েছে, তার মর্যাদা রক্ষায় দল প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, তাঁর দল রাজ্যের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সম্ভাব্য সবটুকুই করবে।
নরেন্দ্র মোদি তাঁর বার্তায় সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে বলেন, পশ্চিমবঙ্গে এমন একটি সরকার উপহার দেওয়া হবে যা সমাজের প্রতিটি স্তরের মানুষের মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করবে। নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে যে, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার ১৪৮ অনেক আগেই পার করে গেছে। রাজ্যের মানুষ পরিবর্তন চেয়ে বিজেপিকেই ম্যান্ডেট দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই অভাবনীয় জয়ের ফলে পশ্চিমবঙ্গ এখন উন্নয়নের এক নতুন যুগে প্রবেশ করবে বলে প্রধানমন্ত্রী তাঁর বার্তায় আশাবাদ ব্যক্ত করেছেন।



