ঢাকার ধামরাইয়ে ইউনিভার্সেল ট্রিমিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কম্ফোটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টা ৪৪ মিনিটে ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বকচর এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ধামরাই ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল আমিন জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তিনি জানান, আগুনে কারখানার ভেতরের কাচের গ্লাস ভেঙে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।



