অল ক্রাইমস.টিভি ডেস্ক
অনুশীলনে নেইমারকে ড্রিবল করে বসিয়ে দেন রবিনিও জুনিয়র। এতে মেজাজ হারান সান্তোস তারকা নেইমার। শুরু হয় তর্কাতর্কি, একপর্যায়ে তরুণ সতীর্থের গায়ে হাত তোলেন তিনি। ঘটনার পর ক্লাব ছাড়ার হুমকি দেন রবিনিও জুনিয়র, আর বিষয়টি ঘিরে নেইমারের ভবিষ্যৎ ও বিশ্বকাপ খেলা নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা। তবে দ্রুতই পরিস্থিতি শান্ত হয়ে যায়।
ঘটনাটি ঘটে গত রোববার। অভিযোগ অনুযায়ী, ১৮ বছর বয়সী ফরোয়ার্ড রবিনিও জুনিয়র নেইমারের বিরুদ্ধে তিনটি অভিযোগ তোলেন—অপমানজনক ভাষা ব্যবহার, ল্যাং মারা এবং চড় মারা। এ ঘটনার পর তিনি ক্লাব ছাড়ার হুমকিও দেন, যদি সান্তোস ব্যবস্থা না নেয়।
ঘটনার পর তদন্ত শুরু করে সান্তোস। তখন ধারণা করা হচ্ছিল নেইমার শাস্তির মুখে পড়তে পারেন, যা তার বিশ্বকাপ খেলার সম্ভাবনাকে ঝুঁকিতে ফেলতে পারত। কিন্তু পরে বিষয়টি দ্রুতই মিটমাট হয়ে যায়।
কোপা সুধামেরিকানায় দেপোর্তিভো রেকোলেতার বিপক্ষে ম্যাচের পর দুই পক্ষের বিরোধের বরফ গলে যায়। ওই ম্যাচে ১-১ গোলে ড্র করে সান্তোস, আর দলের একমাত্র গোলটি করেন নেইমার। গোলের পর সতীর্থ রবিনিও জুনিয়রের সঙ্গে আলিঙ্গন করে উল্লাস করেন তিনি, যা দেখে স্বস্তি ফেরে সমর্থকদের মাঝে।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ম্যাচের আগেই দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। ঘটনার পর নেইমার নিজেই রবিনিও জুনিয়রকে ফোন করে দুঃখ প্রকাশ করেন। পরে রবিনিও জুনিয়রের পরিবারের সঙ্গেও দেখা করেন তার প্রতিনিধিরা। তবে শর্ত ছিল, নেইমারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
ম্যাচ শেষে মিক্সড জোনে নেইমার বলেন, ফুটবলে এমন ঘটনা ঘটতেই পারে। অনুশীলনে ভুল বোঝাবুঝির কারণে তিনি কিছুটা উত্তেজিত হয়ে পড়েছিলেন, তবে পরে ক্ষমা চেয়েছেন এবং ড্রেসিংরুমে বিষয়টি মিটমাট হয়েছে।
তিনি আরও জানান, একই দিনে দলের ডিনারে রবিনিও জুনিয়রের সঙ্গে তার আলোচনা হয় এবং বিষয়টি সম্পূর্ণভাবে শেষ করা হয়েছে।
এদিকে, ড্রেসিংরুমের ঘটনা বাইরে চলে আসায় অসন্তোষও প্রকাশ করেন নেইমার। তার মতে, বিষয়টি ভেতরেই শেষ হওয়া উচিত ছিল, কিন্তু অপ্রয়োজনে তা বড় করে তোলা হয়েছে।
রবিনিও জুনিয়র জানান, তার আদর্শ নেইমারের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে নেইমারের ক্ষমা প্রার্থনার পর তিনি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং বিষয়টি শেষ হয়েছে বলে ঘোষণা দেন।
ঘটনায় আবেগপ্রবণ হয়ে পড়েন সাবেক তারকা রবিনিওও, যিনি বর্তমানে কারাবন্দি। তিনি বিষয়টি শুনে মানসিকভাবে ভেঙে পড়লেও পরে সমঝোতার খবর পেয়ে স্বস্তি পান বলে জানা গেছে।



