পাকিস্তানের জনপ্রিয় ভ্লগার রুবিনা মারুফ জানিয়েছেন, কেন তিনি বাংলাদেশের এক যুবককে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। ভালোবাসার টানে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের রংপুরের বাসিন্দা রকিবুল হাসানকে বিয়ে করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রুবিনা বলেন, তিনি একজন বাংলাদেশি পুরুষকে বিয়ে করেছেন। প্রথমবার বাংলাদেশে যাওয়ার সময় তার মা তাকে প্রতিশ্রুতি দিতে বলেছিলেন, সেখানে যেন তিনি মারা না যান বা বিয়ে না করেন। তবে আল্লাহর পরিকল্পনা সবসময় মানুষের পরিকল্পনার চেয়ে বড় বলে উল্লেখ করেন তিনি।
রুবিনা জানান, বাংলাদেশ ও এর সংস্কৃতির প্রতি তার গভীর ভালোবাসা রয়েছে। বিয়ের দিন তিনি বাংলাদেশের সংস্কৃতির প্রতি সম্মান জানাতে শাড়ি পরেছিলেন। একই সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্কের সৌন্দর্য উদযাপন করতেই এই পোশাক বেছে নিয়েছেন বলেও জানান তিনি।
তিনি আরও জানান, তার স্বামী রকিবুল হাসান বাংলাদেশের রংপুরের বাসিন্দা এবং বর্তমানে পাকিস্তানের ইসলামাবাদে কর্মরত। তাদের বিয়ে পাকিস্তানের লাহোরে সম্পন্ন হয়েছে।
বিয়ের বিষয়ে রুবিনা বলেন, বিষয়টি সহজ ছিল না, তবে জীবনের যে পথে এগোনোর কথা ছিল তা মেনে নিয়েই তিনি এমন এক আনন্দ পেয়েছেন, যা ভাষায় প্রকাশ করা কঠিন।
তিনি জানান, বিয়েতে তার বাবা-মায়ের আনন্দ ও গর্ব তাকে সবচেয়ে বেশি আশ্বস্ত করেছে। খুব শিগগিরই বাবা-মাকে বাংলাদেশে নিয়ে আসার ইচ্ছার কথাও জানিয়েছেন পাকিস্তানি এই ভ্লগার।
উল্লেখ্য, রুবিনা মারুফের পরিবারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। তার বাবা ১৯৬৮ সালে যশোর থেকে পাকিস্তানের পাঞ্জাবে চলে যান এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বাংলাদেশের প্রতি পারিবারিক শিকড়ের টান ও ভালোবাসার কথাই নিজের পোস্টে তুলে ধরেছেন তিনি।



