অল ক্রাইমস. টিভি ডেস্ক
রাজধানীর মহাখালী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রফিকুল ইসলাম নামে এক হাসপাতালকর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে মহাখালীর পুরোনো কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।
আহতের বোন রাশেদা জানান, রফিকুল ওই সময় কাঁচাবাজারের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। একটি গুলি তার বাম উরুতে লাগে।
রফিকুল ইসলাম বরগুনা সদর উপজেলার ঘরবাড়িয়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি মিরপুর এলাকার একটি ডেন্টাল হাসপাতালে আউটসোর্সিং কর্মী হিসেবে কাজ করেন এবং বর্তমানে মহাখালীতে বসবাস করতেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, হামলার কারণ সম্পর্কে তারা কিছুই জানেন না। এদিকে পুলিশ ঘটনাটির কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।



