অল ক্রাইমস.টিভি ডেস্ক
আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১০ মে) ২০২৬ তারিখ এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান এবং মায়েদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
মির্জা ফখরুল তার বাণীতে বলেন, পরিবারে মা একটি অপরিহার্য ও মহিমান্বিত প্রতিষ্ঠান। সন্তানের ব্যক্তিত্ব গঠন, মানবিক গুণাবলীর বিকাশ এবং উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে মায়ের শিক্ষা ও ত্যাগের কোনো বিকল্প নেই। তিনি উল্লেখ করেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পরম আশ্রয়স্থল হলেন মা। মাকে ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন না থাকলেও, এই বিশেষ দিবসটি মায়েদের প্রতি আমাদের ঋণ স্বীকার ও ভালোবাসা প্রকাশের একটি সুযোগ তৈরি করে দেয়।
বাণীতে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেন। মির্জা ফখরুল বলেন, নারী শিক্ষার প্রসার ও নারী সমাজের ক্ষমতায়নে বেগম খালেদা জিয়ার ভূমিকা সারাবিশ্বে স্বীকৃত ও প্রশংসিত। প্রতিকূল পরিস্থিতিতেও গণতন্ত্র পুনরুদ্ধারে তার আপসহীন সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, বেগম খালেদা জিয়া আজ দেশ-বিদেশে ‘গণতন্ত্রের মা’ হিসেবে সম্মানিত।
পরিশেষে, সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এবং সুন্দর সমাজ বিনির্মাণে প্রতিটি সন্তানকে তার মায়ের প্রতি যথাযথ মর্যাদা ও দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।



