স্পেনের মধ্যাঞ্চলে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) সকালে দেশটির টোলেডো প্রদেশে মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়াগামী উচ্চগতির রেলপথে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতের সংখ্যা অন্তত ১০ বলে জানানো হলেও তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রেল অবকাঠামো পরিচালনাকারী সংস্থা আদিফ (Adif) জানিয়েছে, দুর্ঘটনার পর মাদ্রিদ, সিউদাদ রিয়াল ও আন্দালুসিয়ার মধ্যে উচ্চগতির ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের সরকারি সূত্র জানায়, স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর রেনফে (Renfe) ও ইরিও (Iryo) পরিচালিত দুটি ট্রেনের সংঘর্ষ হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, রেনফের একটি ট্রেন সামনে থাকা ইরিওর একটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে ইরিওর দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং আহত ব্যক্তির সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
দুর্ঘটনাস্থলের ভিডিওতে লাইনচ্যুত একটি বগিকে উঁচু রেলপথের ওপর আটকে থাকতে দেখা যায়। রেলপথের নিচের ঢালে ট্রেনের বিভিন্ন ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে।
নিকটবর্তী উর্দা শহরের মেয়র ম্যানুয়েল গালান জানান, জরুরি সেবাকর্মীরা যাত্রীদের সহায়তা ও আশ্রয়ের ব্যবস্থা করতে স্থানীয় কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে বলেছেন। এ জন্য একটি ক্রীড়া হলসহ জরুরি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়।
চলতি বছরের জানুয়ারিতে স্পেনের আদামুজ এলাকায় আরেকটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৪৫ জন নিহত হয়েছিলেন। ওই দুর্ঘটনায় একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার পর বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এর পর দেশটির রেলপথের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থায় বিনিয়োগ নিয়ে বিতর্ক শুরু হয়।
বুধবারের দুর্ঘটনার পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দিনের নির্ধারিত কর্মসূচি বাতিল করেন। বিরোধী দল পিপলস পার্টিও তাদের নির্বাচনী প্রচার অনুষ্ঠান স্থগিত করেছে বলে দলের এক মুখপাত্র জানিয়েছেন।



