নিজস্ব প্রতিবেদক: নিশাত নাবিলা সপ্তর্ষি
রাজধানীর যাত্রাবাড়ীতে ৪ হাজার ৫০৫ পিস ইয়াবাসহ লাভলী আক্তার ওরফে সাথী (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৫১ হাজার ৫০০ টাকা।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার দোলাইরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
এসআরবি-১০-এর বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০-এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৪ হাজার ৫০৫ পিস ইয়াবাসহ লাভলী আক্তার ওরফে সাথীকে আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তার লাভলী আক্তার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের কাজলাকাঠী এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আলতাফ দেওয়ান।
এসআরবি-১০-এর দাবি, লাভলী আক্তার দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
উদ্ধার করা ইয়াবাসহ তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।



