অল ক্রাইমস.টিভি ডেস্ক
নেত্রকোণার মদন উপজেলায় শিশু ছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার অভিযোগে অভিযুক্ত মাদরাসা শিক্ষক আমান উল্লাহ সাগরকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
আজ রবিবার (১০ মে) ২০২৬ তারিখ বিকেলে তাকে নেত্রকোণা আদালতে হাজির করা হলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহসিনা ইসলাম তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী মো. হেলাল উদ্দীনের মৃত্যুতে আইনজীবীরা কর্মবিরতি পালন করায় আজ কোনো আইনজীবীর উপস্থিতি ছাড়াই এই বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়। আদালত আগামী ২১ মে আসামিকে পুনরায় হাজির করার তারিখ ধার্য করেছেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সাত দিনের রিমান্ড আবেদনের বিপরীতে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। রিমান্ড চলাকালীন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আখতারুজ্জামান আসামিকে জিজ্ঞাসাবাদ করেছেন। যদিও ডিএনএ সংগ্রহের কাজ এখনো সম্পন্ন হয়নি, তবে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। ভুক্তভোগী শিশুটি ইতোমধ্যে আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগ করেছে।
উল্লেখ্য, উপজেলার একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক আমান উল্লাহ সাগরের লালসার শিকার হয়ে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এরপর ভুক্তভোগীর পরিবার মামলা করলে র্যাব-১৪-এর একটি দল ময়মনসিংহের গৌরীপুর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



