অল ক্রাইমস.টিভি ডেস্ক
এআই ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবে সন্তানদের নৈতিক অবক্ষয় রোধ এবং তাদের সঠিক পথে পরিচালিত করাই বর্তমান ও আগামীর মায়েদের জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ।
রবিবার রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত ‘গরবিনী মা ২০২৬’ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এই উদ্বেগের কথা জানান। এটি ছিল এই সম্মাননা অনুষ্ঠানের ১৩তম আয়োজন। অবাধ তথ্যপ্রবাহ ও কৃত্রিম বুদ্ধিমত্তার এই সময়ে জেনারেশন জেড বা বর্তমান প্রজন্মের সন্তানদের সঠিক দিকনির্দেশনা দেওয়া মায়েদের জন্য দিন দিন কঠিন হয়ে পড়ছে বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রী সতর্ক করে বলেন, প্রযুক্তির এই যুগে সন্তানদের নিয়ন্ত্রণ করা বা সঠিক পথে রাখা ভবিষ্যতের মায়েদের জন্য আরও জটিল হয়ে উঠবে, তাই নতুন প্রজন্মের উচিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক জ্ঞানের ইতিবাচক ব্যবহারের মাধ্যমে এগিয়ে যাওয়া।
অনুষ্ঠানে সন্তানের সফলতার পেছনে নেপথ্য কারিগর হিসেবে অসামান্য অবদান রাখায় মোট ১১ জন মহীয়সী মায়ের হাতে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত মায়েদের জীবনসংগ্রামের গল্প এবং তাদের প্রতি সন্তানদের গভীর কৃতজ্ঞতা প্রকাশ এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল প্রতি বছরই মায়েদের এই ত্যাগের স্বীকৃতিস্বরূপ এ অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন ১১ জন মা। প্রশাসন ক্যাটাগরিতে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের মা বেগম ফরহাত ইসলাম এবং আইন ও বিচার ক্যাটাগরিতে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহা. রকিবুল ইসলামের মা বেগম রোকেয়া রশীদ পুরস্কৃত হন। আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলামের মা মোসা. রাজিফা আজাদকে সম্মাননা প্রদান করা হয়। শিক্ষা খাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানিয়া হকের মা সেলিমা হক এবং সাংবাদিকতায় বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক এ কে এম মনজুরুল ইসলামের মা রাজিয়া আহমেদ এই গৌরব অর্জন করেন।
চিকিৎসা খাতে অবদান রাখায় ঢাকা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক ইন্দ্রজিৎ প্রসাদের মা সরস্বতী প্রসাদ এবং সংস্কৃতি অঙ্গনে সংগীতশিল্পী সোমনূর মনির কোনালের মা সায়মা মনির মিনু সম্মাননা গ্রহণ করেন। অভিনয় জগতে জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের মা সৈয়দা শারমিন এবং অভিনেতা ও পরিচালক জিয়াউল হক পলাশের মা ফাতেমা আক্তার কাজলকে তাদের সন্তানদের সাফল্যের জন্য সম্মানিত করা হয়। এছাড়াও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও অদম্য মেধাবী খাইরুম ইসলামের মা শিরিন আক্তারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।



