অল ক্রাইমস.টিভি ডেস্ক
জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সরকারের কোনো উন্নয়ন বা কর্মসূচিই সফল হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রবিবার (১০ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জননিরাপত্তা নিশ্চিতের জোর আহ্বান জানান। জামায়াত আমির তার পোস্টে সাম্প্রতিক সময়ের কিছু লোমহর্ষক হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, অতি সম্প্রতি নওগাঁ জেলায় ৪ জন, চট্টগ্রামে ৩ জন এবং গাজীপুরে ৫ জনকে অত্যন্ত নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়াও আজ রবিবার ১০ মে ভোররাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচালা গ্রামে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা করার ঘটনাটি তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
দেশের এই অরাজক পরিস্থিতিতে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান জানতে চান, এই গণপিটুনি বা হত্যাকাণ্ডগুলো কি শুধুই সামাজিক বিশৃঙ্খলা, নাকি আইনের সঠিক প্রয়োগ না হওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া হতাশা ও ক্ষোভের বহিঃপ্রকাশ? তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন যে, বিনা বিচারে কোনো হত্যাকাণ্ডই কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এই ধরনের বিচারহীনতার সংস্কৃতি দেশের স্থিতিশীলতার জন্য বড় হুমকি বলে তিনি মনে করেন।
বক্তব্যের শেষ অংশে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তোলেন। জামায়াত আমিরের মতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগ যতক্ষণ পর্যন্ত সাধারণ জনগণের কাছে গ্রহণযোগ্য এবং আস্থাশীল প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রমাণ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত দেশে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা করা অসম্ভব। জনগণের মৌলিক নিরাপত্তা উপেক্ষা করে কোনো সরকারই দীর্ঘমেয়াদে সফল হতে পারে না বলে তিনি সতর্ক করে দেন।



