অল ক্রাইমস.টিভি ডেস্ক
বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে আগামী দুই মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’-এ অংশ নিয়ে মন্ত্রী এই বিশেষ উদ্যোগের কথা জানান। তিনি বলেন, দেশের অর্থনৈতিক ভিত মজবুত করতে প্রবাসীদের যে অসামান্য অবদান, তার স্বীকৃতি হিসেবেই এই কার্ড চালু করা হচ্ছে। এই কার্ডধারীরা বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন পারাপার, দেশে থাকাকালীন বিশেষ নিরাপত্তা এবং তাদের স্থাবর-অস্থাবর সম্পদের সুরক্ষা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ সুবিধা পাবেন। যারা বেশি পরিমাণে রেমিট্যান্স পাঠাবেন, তাদের জন্য আনুপাতিক হারে লজিস্টিক সাপোর্ট বা সুযোগ-সুবিধা আরও বাড়ানো হবে।
প্রবাসীদের দীর্ঘদিনের একটি বড় দাবি ছিল প্রবাসে মারা যাওয়া বাংলাদেশিদের মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা। এ বিষয়ে মন্ত্রী আশ্বস্ত করে জানান, বর্তমান সরকার অত্যন্ত প্রবাসীবান্ধব এবং এই দাবি বাস্তবায়নে সরকার গুরুত্বের সাথে কাজ শুরু করেছে। পাশাপাশি তিনি বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের দেশে বিনিয়োগে উৎসাহিত করার জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি স্বীকার করেন যে, আগে অনেক প্রবাসী বিনিয়োগ করতে এসে জটিলতা ও প্রতারণার শিকার হতেন। এই সংকট দূর করে এখন প্রবাসীদের জন্য একটি নিরাপদ ও হয়রানিমুক্ত বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে মন্ত্রণালয় কাজ করছে।
নিউইয়র্কসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও মন্ত্রী ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি জানান, ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সময়সাপেক্ষ হলেও এর প্রক্রিয়া চলমান রয়েছে। শুধু আমেরিকা নয়, বিশ্বের অন্যান্য দেশ থেকেও সরাসরি আকাশপথের যোগাযোগ বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় আছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা শুনে তিনি তা দ্রুত সমাধানের আশ্বাস দেন। এই প্রবাসী কার্ড চালুর মাধ্যমে বৈধ পথে টাকা পাঠানোর হার উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।



