অল ক্রাইমস.টিভি ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধীদের কঠোর সজাগবার্তা দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না; তার একমাত্র পরিচয় সে একজন অপরাধী।
সোমবার (১১ মে ২০২৬) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আয়োজিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সম্মেলনে তিনি এসব গুরুত্বপূর্ণ কথা বলেন। বর্তমান সরকারের দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীকে রাষ্ট্র ও জনগণের সেবায় পূর্ণাঙ্গভাবে আত্মনিয়োগ করার নির্দেশ দেন। তিনি বলেন, একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়া কেবল স্লোগান নয়, এটি ২০ কোটি মানুষের প্রাণের আকাঙ্ক্ষা, যা বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
পুলিশের পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী জানান, পদোন্নতি বা সুবিধাজনক স্থানে বদলির জন্য কোনো প্রকার তদবির করা যাবে না। তিনি কর্মকর্তাদের স্মরণ করিয়ে দেন যে, প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় এবং সততা ও দক্ষতাই হবে মূল্যায়নের একমাত্র মাপকাঠি। বর্তমান সময়ে ‘আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ’ বা ‘ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম’ মোকাবিলায় পুলিশকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ হওয়ার পরামর্শ দেন তিনি।
বক্তব্যে প্রধানমন্ত্রী বিগত দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের ফলে সৃষ্ট ভয়াবহ অর্থনৈতিক অনিয়মের তথ্য তুলে ধরেন। অডিটর জেনারেলের রিপোর্টের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কোয়ার্টারের জন্য একটি বালিশ কেনা হয়েছে ৮০ হাজার টাকায়। যেখানে অন্য দেশে একই প্রকল্প ১৪ হাজার কোটি টাকায় সম্পন্ন হয়েছে, সেখানে বাংলাদেশে ব্যয় হয়েছে ৯৬ হাজার কোটি টাকা। এছাড়া কর্ণফুলী টানেলের পাশে গাছ লাগানোর নামে ৫০ কোটি টাকা আত্মসাৎ এবং পিরোজপুর জেলায় কাজ না করেই প্রায় ৬০০০ কোটি টাকা লোপাটের চিত্র তিনি তুলে ধরেন। তিনি আক্ষেপ করে বলেন, এই বিশাল ঋণের বোঝা এখন দেশের মানুষের ওপর, যা না থাকলে পুলিশ বাহিনীর আধুনিকায়ন ও আবাসন সমস্যা দ্রুত সমাধান করা যেত।
২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতিতে মব ভায়োলেন্স বা গণ-সহিংসতা নিয়ন্ত্রণে পুলিশের ধৈর্যের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি পুলিশকে ‘সরকারের আয়না’ হিসেবে অভিহিত করে বলেন, অপরাধী যত প্রভাবশালীই হোক, আইন প্রয়োগে কোনো দ্বিধা করা যাবে না। এছাড়া রাষ্ট্রীয় খরচ কমাতে মন্ত্রীদের জ্বালানি বরাদ্দ ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি কর্মকর্তাদের মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান। পরিশেষে, ২০২৬ সালের পুলিশ সপ্তাহের স্লোগান ‘আমার পুলিশ আমার দেশ সবার আগে বাংলাদেশ’ সার্থক করার লক্ষ্যে সকলকে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।



