অল ক্রাইমস. টিভি ডেস্ক
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করতে রাষ্ট্রকে সহায়ক ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, প্রতিটি মেয়ে যেন নিজের স্বপ্ন ও ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে যেতে পারে, সে জন্য রাষ্ট্রব্যবস্থাকে প্রতিবন্ধকতা নয়, বরং সহায়তার শক্তি হিসেবে কাজ করতে হবে।
সোমবার রাজধানীতে পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, নারীরা পরিবার ও সমাজ উন্নয়নের কেন্দ্রবিন্দুতে থেকে স্বাস্থ্য, শিক্ষা ও গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তিনি পুনাকের সদস্যদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিরলস কাজের জন্য অভিনন্দন জানান।
তিনি বলেন, সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আগামীর প্রজন্মকে সঠিক পথ দেখানো সম্ভব। অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে সামনে রেখে নেওয়া পরিকল্পনাগুলো একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নারীদের স্বনির্ভর করে তুলতে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এ জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, উন্নয়ন সহায়তা ও বাজারজাতকরণ সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান। তার মতে, এতে পারিবারিক সচ্ছলতা বাড়বে এবং দারিদ্র্য বিমোচনের পথ আরও সহজ হবে।
অনুষ্ঠানের শেষদিকে আয়োজন সফল করার জন্য পুলিশ নারী কল্যাণ সমিতির সদস্যদের ধন্যবাদ জানান ডা. জুবাইদা রহমান।
এ সময় আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, সংস্কৃতি সচিব কানিজ মওলা এবং পুলিশ নারী কল্যাণ সমিতির সহ-সভানেত্রী সাবিনা আওলাদসহ অন্যরা।



